রিক্তা খান, ময়মনসিংহ:
ময়মনসিংহে পবিত্র রমজান মাসজুড়ে পথচারী ও শ্রমজীবী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন “উদ্যম বাংলাদেশ”। সংগঠনটির উদ্যোগে মহানগরীর শম্ভুগঞ্জ মোড়সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন ইফতারের আগে পথচারীদের মাঝে ইফতার ও পানির বোতল বিতরণ করা হচ্ছে।
এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রতিদিন ইফতারের ঠিক আগ মুহূর্তে সংগঠনটির একদল স্বেচ্ছাসেবক ইফতারের প্যাকেট হাতে নিয়ে সড়কে দাঁড়িয়ে যান। তারা ভ্যানচালক, অটোরিকশাচালক, রিকশাচালক, ট্রাকচালক, বাসচালকসহ পথচারীদের কাছে জানতে চান তারা রোজা রেখেছেন কি না। যারা রোজা রেখেছেন, তাদের হাতে তুলে দেওয়া হয় ইফতারের প্যাকেট ও পানির বোতল।
গতকাল এই কর্মসূচির ২২তম দিনের কার্যক্রম সম্পন্ন হয়। এদিন ময়মনসিংহ নগরীর প্রেসক্লাব চত্বরে শতাধিক মানুষের মাঝে ইফতারের প্যাকেট ও পানির বোতল বিতরণ করা হয়।
অটোরিকশাচালক আব্দুল হাকিম বলেন, আমি এখান থেকে তিন দিন ইফতার নিয়েছি। আযানের আগ মুহূর্তে ভাইয়েরা এখানে দাঁড়ায়। অনেকেই এখান থেকে ইফতার নিয়ে রোজা ভাঙেন।
গৌরীপুরের গাজীপুর এলাকা থেকে আসা পথচারী সানোয়ার হোসেন বলেন, আমি সিএনজিতে করে ময়মনসিংহে যাচ্ছিলাম। পথে মাগরিবের আযান হয়ে যায়। এই বাজারে কোথায় ইফতার বা পানি পাওয়া যাবে জানতাম না। তখন এই স্বেচ্ছাসেবী ভাইয়েরা আমাকে ইফতার ও পানি দেন। এতে শান্তিমতো ইফতার করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।
সংগঠনটির পরিচালক ও স্বেচ্ছাসেবকেরা প্রতিদিন উপস্থিত থেকে এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জিয়া রহমান জানান, সদস্যদের চাঁদা, সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও কিছু মানবিক মানুষের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
এ সময় পরিচালক সাদিকুর রহমান সাদি, আরিফুল ইসলাম উজ্জল এবং স্বেচ্ছাসেবক আসাদুজ্জামান, আতিকুল ইসলাম, মমিনুর রহমান, আরিফ মিয়া, রোমান মিয়া, মানিক মিয়া, সাজু ও জুনাইদসহ অন্যরা উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেন।
পরিচালকবৃন্দ জানান, আগামী রমজানে আরও বড় পরিসরে এই মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা রয়েছে এবং যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।