গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪,০০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২২ এপ্রিল) বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেনের নেতৃত্বে নান্দাইল মডেল থানার পশ্চিম মহেষকুড়া এলাকায় হাজীপুর-দেওয়ানগঞ্জ পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতার হওয়া আসামি মোছাঃ সুরাইয়া আক্তার মীম (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার চন্ডিবের এলাকার বাসিন্দা। তার পিতা নুর হোসেন এবং মাতা রোকিয়া বেগম।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।