মোঃ আজিজুর রহমান (আজিজ), নিজস্ব প্রতিবেদক:
পরিবার, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নারী এবং পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জামালপুর সদর উপজেলার তুলশিরচর ইউনিয়নে একটি জেন্ডার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) তুলশিরচর ইউনিয়ন পরিষদ মাঠে এই সভার আয়োজন করা হয়।
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় এবং 'অস্ট্রেলিয়ান এনজিও কোঅপারেশন প্রোগ্রাম' (এএনসিপি) এর সহায়তায় পরিচালিত "জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন)" প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে এই কর্মসূচিটি বাস্তবায়ন করে।
আলহাজ্ব আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলশিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোসা সালাম মোসা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলশিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, টিকারাকান্দি গাড়ামারা (টিজি) আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, তুলশিরচরের উপসহকারী কৃষি কর্মকতা মোঃ প্রনব আলী, টিকরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ এবং তুলশিরচর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোঃ শফিকুল ইসলাম।
সভায় জেন্ডার সমতা, নারীর অধিকার এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা উল্লেখ করেন, যেকোনো টেকসই উন্নয়নের জন্য নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টা অনস্বীকার্য। পাশাপাশি নারীদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।