নিউজ ডেক্স:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তারাকান্দা থানার এসআই সজীব কুমার দাস।
কারাগারে যাওয়া আবু রাহাত (২২) তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা মাঠখলা এলাকার একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফুলপুর উপজেলার বাসিন্দা।
এদিন সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন।
পুলিশ জানায়, রোববার ১০ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের ঘটনা জানাজানি হলে স্থানীয়রা মাদ্রাসা পরিচালক আব্দুল গফুরকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রাতেই অভিযান চালিয়ে শিক্ষক আবু রাহাতকে আটক করা হয়।
মামলার বরাতে এসআই সজীব কুমার দাস বলেন, ঈদের আগে মাদ্রাসা ছুটি দেওয়া হলেও এক শিক্ষার্থীকে বাড়িতে যেতে দেওয়া হয়নি। পরে ওই শিক্ষার্থীকে মাদ্রাসায় রেখে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
“বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠানো হয় বলেও অভিযোগে বলা হয়েছে। ছুটি শেষে বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। রোববার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত বলে শিশুটি”, বলেন তিনি।
শিশুটির মায়ের করা মামলায় ওই শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান এসআই সজীব কুমার দাস।