সাইফুল ইসলাম তরফদার ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলায় স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় জেলার স্বাস্থ্যসেবার সার্বিক অগ্রগতি, চলমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও তা সমাধানে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোঃ ফখরুল হাসান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা।
সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ-সময় ডেপুটি সিভিল সার্জন ডাঃ ফয়সল আহমেদ , সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির এবং ডাঃ মোহাম্মদ হাসানুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সেবার মান, রোগীদের জন্য বিদ্যমান সুযোগ সুবিধা, চিকিৎসাসেবা আরও সহজলভ্য করা এবং মাঠপর্যায়ে স্বাস্থ্য বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা বলেন, জনসাধারণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য বিভাগের প্রতিটি পর্যায়ের কর্মকর্তাকে আন্তরিকতা, নিষ্ঠা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। বর্তমান সময়ে স্বাস্থ্যসেবায় যে ইতিবাচক অগ্রগতি হয়েছে, তা আরও এগিয়ে নিতে মাঠপর্যায়ের কার্যক্রমকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, সেবাগ্রহীতাদের সন্তুষ্টি ও আস্থা অর্জনই স্বাস্থ্য বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য। এজন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।