জামালপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ও অবৈধভাবে পরিচালিত ‘এম আর বি ব্রিকস’ নামের একটি ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইটভাটাটির অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) জামালপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইটভাটায় মালিকপক্ষের কাউকে উপস্থিত পাওয়া যায়নি।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘এম আর বি ব্রিকস’ নামের ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল। একই সঙ্গে সেখানে অবৈধ ফিক্সড চিমনি ব্যবহার করে ইট উৎপাদন করা হচ্ছিল। এসব কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভাটাটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার। এ সময় পরিবেশ অধিদপ্তর, জামালপুরের সহকারী পরিচালকসহ বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিভিন্ন অংশ ভেঙে দেওয়া হয়। পরিবেশের ক্ষতি করে এবং সরকারি অনুমোদন ছাড়া পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।