গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের আকুয়া ভাংগারপুল এলাকায় সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকুও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে আকুয়া ভাংগারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে সাদ্দাম হোসেন আকুয়া ভাংগারপুল এলাকার অন্তরের দোতলা বাসার একটি কক্ষে যান, সেখানে পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে মারামারি শুরু হয়, এ সময় অন্তর হাতে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
ছুরিকাঘাতে সাদ্দাম গুরুতর রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়, নিহত সাদ্দাম হোসেন (২৩) আকুয়া ভাংগারপুল এলাকার পান্নু মিয়ার ছেলে।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তর (২৫), পিতা:- বিল্লাল হোসেন, সাং - আকুয়া ভাংগারপুল, থানা - কোতোয়ালী, জেলা, ময়মনসিংহকে গ্রেপ্তার করে, একই সঙ্গে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।
নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ।