
স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ জেলা পুলিশ-এর মে/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা বুধবার সকাল ১০টায় পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।
এপ্রিল/২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হন মোঃ মিজানুর রহমান। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এছাড়া শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা পান মোঃ আসাদুজ্জামান। শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন মোঃ রাকিব খান। শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হন মোঃ সাফায়েত হোসেন এবং সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার হিসেবে সম্মাননা পান মোঃ নুরুজ্জামান।
সভায় পিআরএল গমনকারী তিনজন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।
কল্যাণ সভায় পুলিশ সদস্যদের কল্যাণে পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলতি মাসে বিভিন্ন আবেদন ও সমস্যার আলোকে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।