1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃত বেড়ে ৩৯, নতুন ভর্তি ১৬

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও কিছুটা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

মঙ্গলবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুদের একজনের বয়স ছিল ৬ মাস। শিশুটি গত ১৯ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামে।

অপরদিকে, ১০ মাস বয়সী আরেক শিশু গত ২০ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬০৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫০৮ শিশু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৬ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৯ শিশু। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৬২ শিশু।

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, “হামের টিকা নেওয়া শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ ধীরে ধীরে কমছে। ফলে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও কমে এসেছে। তবে শিশুদের সুরক্ষায় পরিবারের সদস্যদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

চিকিৎসকরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনাই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তারা অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি বা চোখ লাল হওয়াসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট