
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের কৃষ্টপুর কলোনীর সরু গলিপথ পেরিয়ে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের বাড়িতে পৌঁছে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান।
জানা যায়, কৃষ্টপুর কলোনীর বাসিন্দা সাগর (২৩) একসময় ব্যাটারির দোকানে কাজ করে মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে ছোট্ট সংসার চালাতেন। প্রায় তিন মাস ১৭ দিন আগে কাজ শেষে বাড়ি ফেরার পথে বস্তির পাশের রেললাইনের নিচে দুর্ঘটনায় পড়ে তিনি তার দুই পা হারান। এরপর থেকে চলাফেরা করতে না পারায় কর্মহীন হয়ে পড়েন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে সংসার চালানো কঠিন হয়ে ওঠে।
অসহায় পরিস্থিতিতে সাগরের স্ত্রী জেলা প্রশাসকের কাছে সহায়তার আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে নিজেই কৃষ্টপুর কলোনীতে সাগরের বাসায় ছুটে যান জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
সাগরের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এবং পরম মমতায় সাগরের খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাগরকে একটি নতুন হুইলচেয়ার এবং নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসক সাগর ও তার স্ত্রীকে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, হুইলচেয়ারের মাধ্যমে সাগর চলাফেরা করতে পারবেন এবং নগদ অর্থের একটি অংশ দিয়ে সেলাই মেশিন কিনে স্বামী-স্ত্রী মিলে কাপড় সেলাইয়ের কাজ শুরু করলে সংসারের আয় বাড়বে এবং তারা নতুনভাবে জীবন গড়তে পারবেন।
জেলা প্রশাসকের এমন মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন সাগর ও তার পরিবারের সদস্যরা। হুইলচেয়ার ও নগদ সহায়তা পেয়ে তারা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
স্থানীয়রা জানান, মানুষের প্রয়োজনে সবসময় পাশে দাঁড়ান জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃসময়ে তাঁর এমন মানবিক উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।