1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে চলতি বছরেই দেশে ফেরার প্রত্যয় শেখ হাসিনার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বছরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। তার ভাষায়, এটি ব্যক্তিগত আকাঙ্ক্ষার বিষয় নয়; বরং দেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের আদর্শ পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত একটি অঙ্গীকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক ই-মেইল সাক্ষাৎকারে তিনি দেশে ফেরার পরিকল্পনা, আওয়ামী লীগের ভবিষ্যৎ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং নিজের বিরুদ্ধে চলমান মামলাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন। রোববার সংবাদমাধ্যমটি সাক্ষাৎকারটি বিশেষ প্রতিবেদন হিসেবে প্রকাশ করে।

শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কোনো স্বাধীন ও নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার ফল নয়; বরং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাইয়ের প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার মতো ভয়াবহ ট্র্যাজেডি এবং একাধিক প্রাণঘাতী হামলার পরও তিনি দেশের মানুষের পাশে থেকেছেন। সব প্রতিকূলতা অতিক্রম করেই তিনি এ বছর দেশে ফিরবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। পরবর্তীকালে মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির একাধিক মামলায় তার বিরুদ্ধে রায় হয়েছে। একই সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দলটির শক্তি কোনো সাময়িক রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। তার দাবি, আওয়ামী লীগ দেশের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি রাজনৈতিক শক্তি। অতীতেও দলটি বহুবার নিষেধাজ্ঞা, নির্যাতন ও সংকটের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের সমর্থনে ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আরও দাবি করেন, বর্তমান শাসনব্যবস্থায় গণতন্ত্র, আইনের শাসন ও জননিরাপত্তা দুর্বল হয়েছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণির মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষের অভিজ্ঞতার ভিত্তিতেই আওয়ামী লীগের প্রতি সমর্থন আবারও বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তার ভাষায়, রাজনৈতিক দমন-পীড়ন আওয়ামী লীগকে দুর্বল নয়, বরং আরও সংগঠিত ও শক্তিশালী করে তুলছে।

আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনার অধিকার কোনো অনুগ্রহ নয়, এটি একটি সাংবিধানিক অধিকার। একই সঙ্গে তিনি দাবি করেন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ ও স্বাধীন বিচার নিশ্চিত করতে হবে।

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো গোপন আলোচনা চলছে কি না— এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা স্পষ্টভাবে তা অস্বীকার করেন। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোনো গোপন সমঝোতার বিষয় হতে পারে না। তবে তিনি একটি উন্মুক্ত, নীতিনিষ্ঠ ও জনগণের আকাঙ্ক্ষাভিত্তিক রাজনৈতিক সমাধানের পক্ষে মত দেন। তার ভাষায়, আওয়ামী লীগ কারও দয়ার ওপর রাজনীতি করে না; দলটি জনগণের সমর্থন ও সাংবিধানিক অধিকারের ভিত্তিতেই রাজনীতি চালিয়ে যাবে।

দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। তার অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী জনগোষ্ঠী এবং ধর্মীয় সংখ্যালঘুরা অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

ভারতে অবস্থানকালে সময় কীভাবে কাটছে— এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ থাকলেও তার মন সবসময় বাংলাদেশের মানুষের কাছেই পড়ে থাকে। দূরে থেকেও তিনি প্রতিদিন দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, দলীয় নেতাকর্মীদের খোঁজ নেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট