
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ১৭/এ ব্রাহ্মপল্লী রোডে অবস্থিত জারিফ মাহির হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল অপারেশন ও চিকিৎসার অভিযোগে মোমেনা নামে এক নারীর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালের চিকিৎসকদের ভুল চিকিৎসা ও অপারেশনের কারণেই মোমেনার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর স্বজনরা হাসপাতালের সামনে মরদেহ নিয়ে বিক্ষোভ ও আহাজারি করেন। এ সময় হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্বজনদের আরও দাবি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতাল কর্তৃপক্ষের সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে সরে যান। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে জারিফ মাহির হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত কিংবা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে জানানো হবে।