
নিউজ ডেক্স:
ময়মনসিংহে দশম শ্রেণির ছাত্র আকাশ হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এ এই রায় ঘোষণা করা হয়।
ময়মনসিংহ সদরের অষ্টধার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আকাশ জেসমিন নামের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। ২০২১ সালের ১৯ মে রাতে জেসমিনের বাসায় যাওয়ার পর আকাশ নিখোঁজ হন।
এর দুই দিন পর একটি পরিত্যক্ত টয়লেটের পাশে মাটি খুঁড়ে আকাশের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আকরাম হোসেন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামি এনামুল ও নাজমুলকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই রায়ে জিয়াউল ও জুলহাসকে সাত বছর করে কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।