
অনলাইন ডেক্স:
ময়মনসিংহ নগরীর ৩৬ বাড়ি কলোনীতে আলোচিত রুবেল হত্যা মামলার ঘটনায় ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযানে নেমে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রনি ও সজল।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক তথ্যে অভিযোগ রয়েছে যে, এক নারীর ওপর সংঘটিত ধর্ষণের ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে তার চার ছেলে মিলে অভিযুক্ত রুবেলকে কুপিয়ে হত্যা করে। এ অভিযোগের সত্যতা, ঘটনার পটভূমি এবং সংশ্লিষ্ট সকল বিষয় তদন্তের মাধ্যমে যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পরপরই ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে ৩ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে রনি ও সজলকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আলামত সংগ্রহ এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, যেকোনো অপরাধের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হওয়া উচিত। ব্যক্তিগত প্রতিশোধ বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে ধর্ষণের মতো গুরুতর অপরাধের অভিযোগও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ ঘটনায় আরও তথ্য প্রকাশ করা হবে এবং জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।