
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদকসেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই অভিযানে হেরোইনসহ আটক এক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় প্রাপ্ত অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে কাকনী ইউনিয়নের বাঁশতলা এলাকার ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে কয়েকজনকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন:- সেলিম ফকির (পিতা: আশরাফ ফকির), আবুল হাসেম (পিতা: মৃত জসিম উদ্দিন) এবং মুসলিম ফকির (পিতা: আশরাফ ফকির)।
পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত তিনজন তাদের অপরাধ স্বীকার করেন। উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য এবং স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত সেলিম ফকিরকে ৬ মাস, আবুল হাসেমকে ২ মাস এবং মুসলিম ফকিরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এদিকে একই অভিযানে ফারুক (পিতা: রমজান আলী) নামের অপর এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হেরোইনের ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের পরিদর্শক কানিজ ফাতেমাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. নাজমুস ছালেহীন। এছাড়াও অভিযানে অংশ নেয় তারাকান্দা থানা পুলিশের একটি চৌকস দল, আনসার সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, তারাকান্দা উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
তিনি আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য গোপনীয়তার সঙ্গে থানা পুলিশ অথবা উপজেলা প্রশাসনকে জানিয়ে মাদকবিরোধী অভিযানে সহায়তা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ অব্যাহত থাকলে তারাকান্দা উপজেলাকে মাদকমুক্ত করা সম্ভব হবে।