
নিউজ ডেক্স:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা গোয়াতলা দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব করতে বেইলি ব্রিজের ভাঙ্গা অংশে নবনির্মিত একটি কাঠের ব্রিজ উদ্বোধন করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে ব্রিজটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজটির উদ্বোধন করেন। ময়মনসিংহের ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেলের বিশেষ সহযোগিতায় উপজেলা প্রশাসন এই ব্রিজটি নির্মাণ করে।
ব্রিজটি উদ্বোধনের সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কছিমউদ্দিন বিশ্বাস, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার এবং সাবেক ইউপি চেয়ারম্যান শামসুর রশিদ মজনু, নাজমুল আলম মুক্তা।
এলাকাবাসী জানান, বেইলি ব্রিজের অংশটি দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত থাকায় সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বয়স্কদের চলাচলে প্রতিনিয়ত ঝুঁকি ছিল। নবনির্মিত এই কাঠের ব্রিজের মাধ্যমে এখন স্থানীয়দের চলাচলের পথ সহজ ও নিরাপদ হলো।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসেন বলেন, “জনসাধারণের চলাচলের সুবিধার্থে সংসদ সদস্যের দিকনির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। আশা করছি এতে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।”