
মোঃ মতিউর রহমান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
মানবিক সহায়তার অংশ হিসেবে জেলা প্রশাসক, ময়মনসিংহ অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তিনজন উপকারভোগীর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন।
এর মধ্যে, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী মোঃ শাহিন আলম, পিতা- জনাব নুর মোহাম্মদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ-২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের ফুটবল খেলায় অংশগ্রহণকালে দুর্ঘটনায় আহত হয়।
শিক্ষার্থীর পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় জেলা প্রশাসক, ময়মনসিংহ তার চিকিৎসা সহায়তার জন্য নগদ ১০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। পরিবারের পক্ষে চেকটি গ্রহণ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।
এদিকে, সন্তানসম্ভবা অসহায় নারী তৃষা, পিতা- মৃত হাবিবুর রহমান, সাং- কেওয়াটখালী, ময়মনসিংহ, যার পরিবারে উপার্জনক্ষম সদস্য না থাকায় চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। জেলা প্রশাসক, ময়মনসিংহের নিকট আবেদন করার পর তার সিজারিয়ান অপারেশনের ব্যয় নির্বাহের জন্য ১০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়।
অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল আলম, পিতা- মোহাম্মদ আলী, সাং- তারাকান্দা, ময়মনসিংহ, বর্তমানে দুটি কিডনি অকেজো হয়ে যাওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা সহায়তার জন্য জেলা প্রশাসক, ময়মনসিংহের পক্ষ থেকে ২০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। তার পক্ষে চেকটি গ্রহণ করেন তার বন্ধু জনাব মাসুম।
জেলা প্রশাসক, ময়মনসিংহ বরাবরের মতোই অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীসহ সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। এই সহায়তা উপকারভোগী পরিবারগুলোর জন্য স্বস্তি এনে দিয়েছে এবং প্রশাসনের মানবিক উদ্যোগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।