
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আজ রবিবার (১২ জুলাই) সকাল ১০:০০টায় জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ময়মনসিংহ; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও); বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজন।
সভায় অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা এবং কিশোর অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা, প্রচার-প্রচারণা ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং নাগরিক নিরাপত্তা জোরদার, অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিময় ময়মনসিংহ গড়ে তুলতে জেলা প্রশাসন সর্বদা আন্তরিক ও বদ্ধপরিকর।