
মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়াঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বালাশ্বর গ্রামে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফুলবাড়িয়া উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার। আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মীর মো. শহীদুর রহমান (৩৫), পিতা—মীর সাইদুর রহমান, মাদক সেবনের অপরাধে দোষী প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, অভিযুক্তের ভাই ও চাচা সমাজের বৃহত্তর স্বার্থে সচেতন নাগরিক হিসেবে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন। এ উদ্যোগের প্রশংসা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ বলেন, পরিবারের সচেতন ভূমিকা মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ। তিনি অভিযুক্তের স্বজনদের ধন্যবাদ জানান এবং বলেন, “পরিবার সচেতন হলে সমাজ পরিবর্তন হতে বাধ্য।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।