
ময়মনসিংহে রাব্বি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (১৬ আগস্ট) নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাব্বি হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে নিহত রাব্বির স্ত্রী মিথিলা আক্তার অভিযোগ করে বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, রাব্বি কোনো চাঁদাবাজ ছিলেন না; বরং পাসপোর্ট অফিস এলাকায় চাঁদাবাজি বন্ধে তিনি ভূমিকা রেখেছিলেন।
মিথিলা আক্তার আরও অভিযোগ করেন, হামলাকারীরা ফোন করে রাব্বিকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি দোকানের ভেতরে ঢোকায়। পরে দোকানের সাটার বন্ধ করে তাকে হত্যা করা হয়।
স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন উল্লেখ করে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন মিথিলা। তিনি জানান, তার গর্ভে আট মাসের সন্তান রয়েছে এবং ১৭ মাস বয়সী আরও একটি সন্তান রয়েছে।
এ সময় এলাকাবাসী রাব্বি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।