
নিউজ ডেক্স :
সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সমাজের অসঙ্গতি তুলে ধরা, সত্যকে মানুষের সামনে প্রকাশ করা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই সাংবাদিকতার মূল দায়িত্ব। অথচ দুঃখজনকভাবে কখনো কখনো কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে পুরো সাংবাদিক সমাজের সম্মান ও মর্যাদা প্রশ্নের মুখে পড়ে।
সবকিছুর সঙ্গে সমঝোতা করে চলাই পেশাদারিত্ব নয়। সামান্য সুবিধা কিংবা একটু ভালো থাকার আশায় নিজের বিবেককে বিক্রি করে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। একজন সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি তার কলম, সত্যের প্রতি দায়বদ্ধতা এবং নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকা।
বর্তমানে সাংবাদিকদের মধ্যেই একে অন্যকে নিয়ে কাদা ছোড়াছুড়ি, ব্যক্তিগত আক্রমণ ও পরস্পরকে হেয় করার প্রবণতা দেখা যায়। অথচ এমন আচরণ কোনোভাবেই একজন ভদ্র ও দায়িত্বশীল মানুষের পরিচয় বহন করে না। মতের অমিল থাকতেই পারে, পেশাগত প্রতিযোগিতাও থাকতে পারে; কিন্তু সেটি যেন কখনো ব্যক্তিগত বিদ্বেষ, অপমান কিংবা চরিত্রহননের পর্যায়ে না যায়।
মনে রাখতে হবে, একজন সাংবাদিকের ভুল বা অনৈতিক কর্মকাণ্ডের দায় শুধু তার নিজের নয়, এর প্রভাব পুরো সাংবাদিক সমাজের ওপর পড়ে। তাই নিজেদের সম্মান নিজেদেরই রক্ষা করতে হবে। সত্যের পক্ষে অবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার মধ্য দিয়েই সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ন রাখা সম্ভব।
কাদা ছোড়াছুড়ি নয়, প্রয়োজন পারস্পরিক সম্মান। সমঝোতা নয়, প্রয়োজন বিবেকের কাছে স্বচ্ছ থাকা। কারণ সাংবাদিকের কলম যতটা শক্তিশালী, তার বিবেকও ততটাই শক্তিশালী হওয়া উচিত।