
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:
প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। জেলা প্রশাসকের উদ্যোগে শান্তকে কম্পিউটার ও প্রিন্টারসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানের উদ্যোগে মোঃ ইয়াসিন আরাফাত শান্তর হাতে কম্পিউটার ও প্রিন্টার সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়।
মোঃ ইয়াসিন আরাফাত শান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে খেলছেন। ক্রিকেটে প্রতিভা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও পিতার মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকটের কারণে তাঁর ক্রিকেট চর্চা এবং জীবিকা নির্বাহ, দুই ক্ষেত্রেই নানা প্রতিকূলতার সৃষ্টি হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া এই সহায়তার মাধ্যমে শান্ত কম্পিউটার ও ডিজিটাল সেবা কার্যক্রম শুরু করে নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। এর মাধ্যমে পরিবারের ভরণ-পোষণে সহায়তা করার পাশাপাশি ক্রিকেট ক্যারিয়ারও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
সহায়তা গ্রহণকালে মোঃ ইয়াসিন আরাফাত শান্ত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং জেলা প্রশাসন, ময়মনসিংহের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি এই সহায়তাকে তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রতিভাবান তরুণদের বিকাশ, অসচ্ছল মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তুলতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
জেলা প্রশাসন, ময়মনসিংহ জানিয়েছে, প্রতিভার বিকাশ ও মানুষের স্বাবলম্বিতা অর্জনে মানবিক সহায়তার এ ধারা অব্যাহত থাকবে।