
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক সাইকেল র্যালি। নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক রোকুনুজ্জামান রুকন নিজেও সাইকেল নিয়ে র্যালিতে অংশ নেন।
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চ-২ থেকে র্যালিটি শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রায় ৬০০টি সাইকেল নিয়ে অংশ নেন। শিক্ষার্থীদের পাশাপাশি বাউল শিল্পীরাও কর্মসূচিতে অংশ নেন। বাউল গানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণের বিষয়ে নগরবাসীর মধ্যে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
র্যালিতে অংশ নিয়ে মসিক প্রশাসক রোকুনুজ্জামান রুকন নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড বহন করেন। র্যালির মাধ্যমে নগরবাসীকে বাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়।
‘ডেঙ্গু বিস্তারের পূর্বেই প্রতিরোধ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিশেষ করে বাসাবাড়ির ছাদ, বারান্দা, আঙিনা ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে মসিক প্রশাসক রোকুনুজ্জামান রুকন বলেন, “আজকের এই সাইকেল র্যালি ও সচেতনতামূলক কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন করা। সিটি কর্পোরেশন ফগার মেশিন, স্প্রে ও ওষুধের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে। কর্মকর্তা-কর্মচারীরা ছুটির দিনেও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, তবে সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। নিজের বাসার ছাদ, বাউন্ডারি দেয়ালের ভেতরের আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সবাই সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করলেই ডেঙ্গুর ভয়াবহতা থেকে নগরবাসীকে রক্ষা করা সম্ভব।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরবাসী নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখলে এবং কোথাও পানি জমতে না দিলে মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
সাইকেল র্যালিতে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে নগরীর বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাইকেলে চড়ে মসিক প্রশাসকের অংশগ্রহণ কর্মসূচিতে ভিন্নমাত্রা যোগ করে। র্যালির মাধ্যমে নগরবাসীর কাছে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধের বার্তা পৌঁছে দেওয়া হয়।