
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদ দাতা:
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপতৎপরতার প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
আজ (বুধবার) বিকেলে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পৌর শহরের আমুয়াকান্দা মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পতিত ও নিষিদ্ধ ঘোষিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ এখনো দেশ ও জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এ দেশের জনগণ ও বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের সকল চক্রান্ত প্রতিহত করবে।
তিনি যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে অন্যান্য বক্তারা দেশবিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ব্যক্ত করেন।