
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন মৌজায় আদালতের রায় ও ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী অবৈধ দখলদার উচ্ছেদ করে প্রকৃত মালিকদের কাছে জমির দখল হস্তান্তর করেছে সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ময়মনসিংহ সদরের সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হুরায়রার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের রায় এবং ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩ এর বিধান মোতাবেক দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন মৌজার বি.আর.এস ৩৬৩ নং খতিয়ানের ৫৪১১ নং দাগভুক্ত ০.০৬৫ একর জমি অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেন। পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে ওই জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রার্থীগণের অনুকূলে দখল বুঝিয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং এলাকার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনা ও আদালতের রায় বাস্তবায়নে ভূমি সংক্রান্ত সকল অনিয়ম, দখলবাজি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে বিরোধ চলছিল। প্রশাসনের হস্তক্ষেপে আদালতের রায় বাস্তবায়ন হওয়ায় প্রকৃত মালিকরা স্বস্তি প্রকাশ করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং সাধারণ মানুষের ভূমির অধিকার নিশ্চিত করতে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ দখল ও ভূমি সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।