
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহে র্যাব-১৪ এর অভিযানে ৬০৭ বোতল বিদেশী মদ, বহনে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোটরসাইকেল ও নগদ অর্থসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৪ জানায়, সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসি র্যাব-১৪ এর একটি আভিযানিক দল ২৪ মে সকাল ৬টা ৪০ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী থানার রশিদপুর এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে চেকপোস্ট বসায়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ ও একটি মোটরসাইকেল চেকপোস্ট এড়িয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পিকআপে অবৈধ বিদেশী মদ থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চিপসের প্যাকেটের নিচে বিশেষ কায়দায় লুকানো ৬০৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এসময় নগদ ৭ হাজার ৩০ টাকা ও ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রাসেল মিয়া, ২৮, জেলা গাজীপুর; মোঃ বাবুল মিয়া, ২৮, জেলা বগুড়া; এবং মোঃ খালিদ মাহমুদ শোয়েব, ২৮, জেলা গাজীপুর।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশী মদ এনে ময়মনসিংহ ও আশপাশের এলাকায় বিক্রি করছিল। উদ্ধার হওয়া মদ ও গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।