
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:
জমি-সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে ছোট ভাইয়ের মারধরে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি সোমবার (১ জুন) সন্ধ্যায় সদর উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া পশ্চিমপাড়া গ্রামে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই ভাইয়ের মধ্যে। এরই জেরে সোমবার সন্ধ্যায় ছোট ভাই রাশিদুলের সঙ্গে বড় ভাই বাসেদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাশিদুল বাসেদকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা রাশেদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।