
আরিফ রববানী, ময়মনসিংহ:
প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব, সততা, নিষ্ঠা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ এ ‘শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (TEO) হিসেবে ময়মনসিংহ জেলার পর এবার বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছেন ময়মনসিংহ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন। গৌরবময় এই অর্জন তার সাফল্যের মুকুটে এক নতুন পালক যুক্ত করেছে।
বৃহস্পতিবার (৪জুন) বিকালে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভা শেষে কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার (৩জুন) বিকালে প্রাথমিক শিক্ষা পদক জেলা পর্যায়ে বাছাই কমিটির সভা শেষে কমিটির সভাপতি ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান এবং কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ খান স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে চুড়ান্ত ফলাফলে ঘোষণা করেন। প
মনিকা পারভীন ময়মনসিংহ সদরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছেন । এর আগে তিনি জেলার গৌরীপুর উপজেলায় দায়িত্ব পালন করে তার কর্মদক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে উপজেলায় শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখেন।
জানা যায়- নিজ কর্মস্থলে প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ জেলা ও বিভাগীয় বাছাই কমিটি তাকে এই শ্রেষ্ঠত্বের সম্মাননায় ভূষিত করেছে। পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা সততা এবং বিভিন্ন উদ্ভাবনীমূলক উদ্যোগের মাধ্যমে ময়মনসিংহ সদর উপজেলার প্রাথমিক শিক্ষার গুনগত মান নিশ্চিতে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে করে আসছেন। জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই গৌরবময় স্বীকৃতি অর্জনের পর তাকে অভিনন্দন জানিয়েছেন তার সহকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ স্থানীয় সুধীসমাজ।
স্থানীয় সচেতন মহলের বিশ্বাস, এই সম্মাননা প্রাপ্তির পর তার নেতৃত্বে সদরে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও শিক্ষার ধারা আরও বেশি সমৃদ্ধ হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন- একজন সৎ ও নিবেদিত প্রাণ কর্মকর্তা হিসেবে মনিকা পারভীনের এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি সমগ্র ময়মনসিংহ সদর উপজেলার শিক্ষা পরিবারের জন্য একটি বড় অর্জন, তার এই সাফল্য অন্যান্য কর্মকর্তাদেরও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও নিষ্ঠার সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে।
জেলায় ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত হওয়ায় অনূভুতি প্রকাশ করে মনিকা পারভীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, এই প্রাপ্তি আমাকে আরও দায়িত্বশীল করবে। কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা করেছি। পুরস্কৃত হয়েছি, এটা সত্যিই আনন্দের। তবে এই অর্জন পুরো ময়মনসিংহ সদরবাসীর বলে আমি মনে করি।
তিনি আরো বলেন, সদর উপজেলার শিক্ষার মানোন্নয়নে প্রতিটি বিদ্যালয়ে ভাষা চর্চা ক্লাস চালু করা হয়েছে। চলমান আছে সাংস্কৃতিক ক্লাব কার্যক্রম। শিশু শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতাসহ প্রাত্যহিক সমাবেশ। রয়েছে খেলাধুলার ব্যবস্থা। আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিভাগ ও জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত হওয়ায় উপজেলা শিক্ষা অফিসের কর্মচারীগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।