
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় মাদকের বিস্তার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় সিয়াম ও সিহাব নামে দুই যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মাদক ব্যবসায়ী সিয়াম ও সিহাব ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুরের হানীর পুত্র। তাদের মাদক কার্যক্রমের কারণে এলাকার পরিবেশ ও যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহপুরসহ আশপাশের চরাঞ্চলের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার বিস্তার ঘটছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে তরুণ ও যুবকদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সিয়াম ও সিহাবের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন। তাদের পরিবারের আরও কয়েকজন সদস্য মাদক সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত বলে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হলেও এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি প্রয়োজন। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আব্দুল্লাহপুরসহ আশপাশের চরাঞ্চলে মাদকের বিস্তার আরও বাড়তে পারে। তারা মাদকবিরোধী অভিযান জোরদার, সন্দেহভাজনদের বিষয়ে তদন্ত এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।